প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৫২ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ফুল দিয়ে বরণ করে নেয় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।
আজ রবিবার (০৪ মে) দুপুরে তিনি রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন।
বিদ্যালয়ে পৌঁছেই তিনি শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা গ্রহণ করেন এবং পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষা উপদেষ্টার আগমন উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় ডিসপ্লে প্রদর্শনী, শারীরিক কসরত এবং নৃত্য পরিবেশনা। এসব পরিবেশনায় অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। কো-কারিকুলার এ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশে সরকার নানান উদ্যোগ নিচ্ছে। শিক্ষা হবে আনন্দদায়ক, শিশুর মনন ও মানসিক বিকাশে সহায়ক—এই লক্ষ্যেই কাজ চলছে।’
অনুষ্ঠান শেষে তিনি রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। বইয়ের সমৃদ্ধ সংগ্রহে সাজানো এ পাঠাগারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, রামগঞ্জ ইউএনও সাঈদ মোহাম্মদ রবিন শীষ, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
স্বদেশ প্রতিদিন/এমএম