প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৯:০৪ পিএম

কাশ্মীরে সশস্ত্র হামলার পর থেকে ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছে। দুই দেশের মাঝে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন দেশটির খালিস্তানপন্থী 'শিখস ফর জাস্টিস'-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে 'ভারতীয় পঞ্জাব' অঞ্চলের বাসিন্দারা।
এক ভিডিও বার্তায় পান্নুন বলেন, ‘ভারতীয় পাঞ্জাব পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর সরবরাহ করবে। আমরা ভারতীয় সেনাবাহিনীকে থামাবো।’
ভিডিও বার্তায় নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেটাই হবে ভারত ও মোদির শেষ যুদ্ধ।
ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশে পান্নুন বলেন, ‘এখন নরেন্দ্র মোদির উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণের এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে।’
তিনি আরও বলেন, আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, ‘আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। কোনো ভারতীয় সেনা পঞ্জাব পেরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার সাহস দেখাবে না।’
প্রসঙ্গত, বহুদিন ধরেই ভারতের দখল থেকে পঞ্জাবকে মুক্ত করে আলাদা করে খালিস্তানি রাষ্ট্র বানাতে চাইছে শিখ ফর জাস্টিস (SFJ) এর নেতা এবং খালিস্তান আন্দোলনের প্রচারক গুরপতবন্ত সিং পান্নুন ।
ভারত অনেকদিন আগেই তাকে সন্ত্রাসী বলে ঘোষণা করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা আছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
স্বদেশ প্রতিদিন/এসএইচবি