প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১১:৩২ AM আপডেট: ০১.০৫.২০২৫ ১১:৪৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিদাস মিষ্টান্ন ভান্ডারের ‘সন্দেশ’ পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি। এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার চতুর্থ পণ্য হিসেবে এ স্বীকৃতি অর্জন করলো এই জনপ্রিয় মিষ্টান্ন।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জিআই সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক বিভাগ।
২০২৪ সালের ১ এপ্রিল জামুর্কীর সন্দেশের জন্য জিআই স্বীকৃতির আবেদন করা হয়, যার নম্বর ছিল জিআই-৭৪। প্রায় এক বছর পর মিললো সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি।
জানা গেছে, ব্রিটিশ আমলে জামুর্কী অঞ্চলে বসবাস করতেন জমিদার ও হিন্দু সম্ভ্রান্ত পরিবারগুলো। গ্রামের মদন মোহন সাহা প্রথম মিষ্টি তৈরি করে বিক্রি শুরু করেন। তার পুত্র কালীদাস সাহা পরে এই পেশায় যোগ দেন এবং দুধ, চিনি ও পাটালি গুড় ব্যবহার করে দুই রকমের সন্দেশ তৈরি করেন। তার হাতে তৈরি সন্দেশ ধীরে ধীরে বিশেষ খ্যাতি অর্জন করে।
এখনও জেলার বিভিন্ন উৎসব, বিয়ে, ঈদ কিংবা পূজায় কালিদাসের সন্দেশ একটি অন্যতম উপাদান হয়ে থাকে। দেশি-বিদেশি অনেক বিশিষ্ট ব্যক্তিও এই মিষ্টির স্বাদ নিয়ে মুগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
জিআই স্বীকৃতি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা মনে করছেন, এটি শুধু একটি মিষ্টির স্বীকৃতি নয়, বরং তাদের ইতিহাস ও সংস্কৃতির গর্বের প্রতীক।
স্বদেশ প্রতিদিন/এমএম