প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:২৭ পিএম

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে দুই দেশের সেনাদের মধ্যে পাঁচবার গোলাগুলির ঘটনা ঘটল।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ জানিয়েছে, আজাদ কাশ্মীরের ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে ভারতীয় সেনারা নজরদারির চেষ্টা করছিল। তখনই পাকিস্তান সেনাবাহিনী সতর্ক অবস্থানে থেকে ড্রোনটি গুলি করে নামিয়ে দেয়।
পাকিস্তানি সামরিক সূত্র বলছে, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘনের অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে। সেনাবাহিনীর এই প্রতিরক্ষা পদক্ষেপ সতর্কতা ও পেশাদার দক্ষতার পরিচয় বহন করে।’
তারা আরও জানিয়েছে, শত্রুর যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। জাতিও সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ আছে।
এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, সোমবার রাতেও কুপওয়ারা, বারামুলা ও আখনুর সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ করে। তবে ভারতীয় সেনারা ‘পরিমিত ও কার্যকরভাবে’ জবাব দিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপর থেকেই সীমান্তে বাড়ছে গোলাগুলির ঘটনা।
যদিও এখনও পর্যন্ত এসব সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুই দেশের উত্তপ্ত সম্পর্ক এবং সীমান্তে টানা সংঘর্ষ সামরিক সংঘাতে গড়ানোর শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: রেডিও পাকিস্তান/পিটিভি নিউজ
স্বদেশ প্রতিদিন/এমএম