প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ২৭.০৪.২০২৫ ৭:০৫ PM

ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন বিকারগ্রস্ত মানুষ ছিলেন বলে মন্তব্যে করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা আল্লামা মামুনুল হক।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলায় আয়োজিত মাছুমপুর শহরে ফুটবল খেলার মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খুন-গুমসহ রক্তের হোলি খেলায় সুখ খুঁজে পেত স্বৈরাচার হাসিনা। তাই এই সন্ত্রাসী দলের বিচার যদি অন্তর্বর্তীকালীন সরকার না করে মেয়াদ শেষ করে, তবে জাতি তাদের কখনোই ক্ষমা করবে না।
তিনি আরো বলেন, সবার বিচার শেষে যদি কোনো আ. লীগের নেতাকর্মী অবশিষ্ট থাকে, তবেই তাদের রাজনীতিতে সুযোগ দেওয়া হোক। আমার বিশ্বাস, বিচার হলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই৷
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে গত রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে৷ এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে এসেছে সাফল্য।
সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। এত বড় দুঃসাহস স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও কেউ দেখায়নি। এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছে। বাংলাদেশের ৯০ শতাংশ নারী এর বিপক্ষে অবস্থান নেবেন বলে আমি বিশ্বাস করি।
শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, ১৯৭২ সালে শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে জলাঞ্জলি দিয়েছেন দেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে। ভারত থেকে ইন্দিরা গান্ধীর ধর্মীয় মতবাদ আমদানি করেন তিনি৷ আর তখন থেকেই এই দেশ ভারতের শৃঙ্খলে জিম্মি হয়ে আছে। ২০২৪ এর এই গণ-অভ্যুত্থানের পর এই দেশে আর ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ৷
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর পরিচালনায় ও জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ প্রমুখ।
উল্লেখ্য, গণসমাবেশে জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি