প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:০৯ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন। ইউক্রেনে সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক এলাকায় রুশ হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন হয়তো সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান না।
রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প আরও বলেছেন, পুতিনের বিরুদ্ধে হয়তো আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যার মধ্যে ব্যাংকিং নিষেধাজ্ঞা কিংবা ‘সেকেন্ডারি স্যাংশন’ (পরোক্ষ নিষেধাজ্ঞা) আরোপের কথা বিবেচনা করা যেতে পারে।
ট্রাম্প বলেন, গত কয়েকদিন ধরে বেসামরিক এলাকা ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না।
এর আগে মস্কোতে এক বৈঠকে পুতিন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফকে বলেছেন, তিনি পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।
অন্যদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউজ।
স্বদেশ প্রতিদিন/কেএইচ