প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:১০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার প্রায় ২০ঘণ্টা পর প্রবাসী তরুণ আল আমিন মণ্ডলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম রাখালগাছি খেয়াঘাটের কাছে বড়শিতে আটকে গেলে লাশটি টেনে তোলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বেলা একটায় লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের বাঁ পাশে চোখের নিচে ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, নিহত আল আমিন মণ্ডল পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়ায় থেকে চার মাস আগে বাড়িতে আসেন তিনি। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন শুক্রবার (২৫ এপ্রিল) তার বাড়ি থেকে প্রায় ৮ কি.মি. দূর রাখালগাছি এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আল আমিন তাঁর মামা লিটন, বোন আকলিমাসহ কয়েকজনের সাথে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে মোটরসাইকেলে করে তিনি পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। এর কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলামসহ (৩৫) সাত থেকে আটজন চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করতে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের যমুনা নদীতে ঝাঁপ দেন আল আমিন। এর পর থেকে শনিবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।
এ বিষয়ে তার পরিবারের সদস্যরা জানায় , ১৫ থেকে ১৬ দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় মুঠোফোনে আল আমিনকে গালাগাল করেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়।
দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কার বলেন, প্রাণ বাঁচাতে বাজারের পাশের যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আল আমিন। খবর পেয়ে আমিনপুর ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তার খোঁজ করে। পরে শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে বড়শিতে তার লাশ আটকে যায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি