
ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পিপিপি ঐকমত্য ছাড়া যেমন বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, এবার তেমনি ঐক্যবদ্ধ থাকবে পাকিস্তানিরা। তারা সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দিবে।
সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার বিষয়ে নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্ধুতে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের (ভারত) রক্ত।
সুক্করে এক সমাবেশে সাধারণ জনগণকে অভিনন্দন জানান তিনি। শান্তিপূর্ণ সংগ্রামের সাফল্যের জন্যই ফেডারেল সরকার সিদ্ধান্ত নিয়েছে মন্তব্যে তিনি বলেন, সাধারণ স্বার্থ পরিষদের (সিসিআই) ঐকমত্য ছাড়া সিন্ধু নদের ওপর কোনো খাল নির্মাণ করা হবে না।
তিনি আরো বলেন, পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উভয় দলের নেতারা। এখন পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক নীতি হলো, সব প্রদেশের পারস্পরিক সম্মতি ছাড়া কোনো নতুন খাল নির্মাণ করা হবে না।
বিতর্কিত এই প্রকল্পের বিরুদ্ধে পিপিপি কর্মীদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা মাঠে না নামলে এটা সম্ভব হতো না। সিন্ধুকে রক্ষা করার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম এবং আজ সিন্ধু সেই হুমকি থেকে সুরক্ষিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে সাম্প্রতিক বৈঠক এবং আলোচনার সময় সম্মত হওয়া বিষয়গুলোর ওপর আলোকপাত করে বিলওয়াল ভুট্টো উল্লেখ করেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফেডারেল সরকার প্রকল্পটি সিসিআইর সামনে উপস্থাপন করবে।
তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং ফেডারেল সরকার কর্তৃক অনুমোদিত তার সাথে করা চুক্তি আবারও স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে, সব প্রদেশের পানির ওপর ন্যায্য দাবি রয়েছে। ১৯৯১ সালের পানি চুক্তি ও ২০১৮ সালের পানি নীতি উভয়ই পারস্পরিক ঐকমত্যের ওপর ভিত্তি করে তৈরি।
নিজের ব্যর্থতা লুকানোর জন্য মোদী সরকার উঠেপড়ে লেগেছে উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন বিলওয়াল ভুট্টো।
তিনি বলেন, ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে বাতিল করছে সিন্ধু চুক্তি।
সূত্র- জিও নিউজ
স্বদেশ প্রতিদিন/আইজেপি