প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯:২০ পিএম

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের পর তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পারভেজের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই সফরের সূচনা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সেখানে তিনি পারভেজের পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সময় কাটান ও তাদের খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলামসহ আরো অনেকে।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, পারভেজ হত্যাকাণ্ড নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত হামলার অংশ। নিহতের পরিবারের সদস্যদের অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে পারভেজ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন পারভেজ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি