প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ পিএম

বিগত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে ধান-চাল ক্রয় করছে সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকার বেশি দামে কেনার ফলে বাজারে চালের দাম বাড়বে কিছুটা।
তিনি বলেন, সরকার ধান-চাল ক্রয় নিয়ে আর কোনো সিন্ডিকেট হতে দেবে না। কৃষকের স্বার্থে বিগত বছরের চেয়ে বেশি দামে ধান ও চাল কিনছে সরকার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্য উপদেষ্টা।
খাদ্য উপদেষ্টা বলেন, বিগত আমন ধান সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট ছিল না এবং বোরো সংগ্রহেও কোনো সিন্ডিকেট থাকবে না। বিগত সরকারের আমলে কী হয়েছে, কী হয়নি তা আমার জানা নেই। তবে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব এখন থাকবে না।
সরকারি সভার মাধ্যমে অনেক বিষয় নিয়ে বিশদ আলোচনা করে ধান-চালের মূল্য নির্ধারণ করা হয় বলে জানান উপদেষ্টা।
বাজারে চালের মূল্য কিছুটা বাড়তে পারে মন্তব্যে আলী ইমাম মজুমদার বলেন, সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে। তাদের উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি