প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:১৮ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামে মাদকের টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ওই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত সুমন (৩৪) উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ীর তাজুল ইসলামের (৬৫) ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় ঘটিয়েছে। এরকম ঘটনার জন্য সে আরও কয়েক বার কারাভোগ করেছে।
মামলার বিবরণ থেকে জানাগেছে, আসামী সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরেও সে মাদক ছাড়েনি। বাড়ির পাশের মসজিদ সংলগ্ন খালের মধ্যে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে নিজ বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২০১৮ সালের ৩ জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেয়ার পূর্বের রেশ ধরে সে এই ঘটনা ঘটায়। পরে বাড়ির লোকজন আহত তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম বাদী হয়ে আপন ছোট ভাই সুমনকে হত্যা মামলার আসামী করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর ১১ জুন পুলিশ আসামী সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়কার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান চৌধুরী। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম বলেন, ‘মামলাটি প্রায় ৭ বছর চলাকালীন সময়ে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামী তার অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এই রায় দেন।’
আসামী পক্ষে ছিলেন স্টেট ডিফেন্ড আইনজীবী শফিকুল ইসলাম ভুঁইয়া।
স্বদেশ প্রতিদিন/এমএম