প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ পিএম

রাজবাড়ীর পাংশায় ২৩ বছরের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই যুবক এলাকার কামরুল হাসানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে যুবক তার নিজ ঘরের বারান্দার আড়ার সাথে স্ত্রী’র ওড়না দিয়ে গলা ফাঁস দেয়। পরবর্তীতে তার স্ত্রী মুক্তা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে বাড়ির লোকজন ঘরের বাইরে এসে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে নেশা করতো এবং তিনি দেনায় জর্জরিত ছিলেন। দেনার টাকার চাপে এমনটি করতে পারে বলে ধারণা করছেন তারা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম