প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ AM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাধিক শিক্ষার্থী আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। কুয়েটের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা৷
মঙ্গলবার রাত ১১টার পর থেকে ফেসবুকে দেওয়া একাধিক স্ট্যাটাসে জাবির শিক্ষার্থীরা ঘোষণা দেন, আজ রাতের মধ্যে কুয়েট ভিসিকে অপসারণ না করা হলে তারা বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে আমরণ অনশন শুরু করবেন।
মার্কেটিং বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল লেখেন, আজ রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি কাজী মেহরাব তূর্য, কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল থেকে আমরণ অনশনে বসবো।
একই ঘোষণা দিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম। তার ফেসবুক পোস্টে লেখেন, আজ রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি, নাজমুল ইসলাম (নৃবিজ্ঞান, ৫০), কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল থেকে আমরণ অনশনে বসবো।
এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে জানিয়েছে, "কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে এবং আজ রাতের মধ্যে কুয়েটের ভিসি মাসুদকে অপসারণ না করা হলে আগামীকাল থেকে আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করা হবে। ভিসি মাসুদ অপসারণ না হওয়া পর্যন্ত শহিদ মিনারে (জাবি) আমাদের অনশন কর্মসূচি চলমান থাকবে। সকলকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এছাড়াও অনেক শিক্ষার্থী তাদের নিজেদের টাইমলাইনে আমরন অনশনে বসার ঘোষণা দেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা #kuetVCmustSTEPDOWN হ্যাশট্যাগে প্রচারণা চালাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর