প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:২৯ পিএম

ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সায়েন্স ল্যাব মোড় এলাকায় উত্তেজনা ছিল। পরে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে তারা সিটি কলেজের কাছাকাছি চলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় শিক্ষার্থীদের হাতে লাঠিও দেখা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম দুপুর ১টার দিকে জানান , উত্তেজনাকর পরিস্থিতি এখন আর নেই। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত ১৫ এপ্রিলও তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা আগেও ঘটেছে, এবং তা প্রায়ই ঘটতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম।

স্বদেশ প্রতিদিন/এমএম