প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:০৯ পিএম

হলিউডের প্রভাবশালী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ডক্টরস উইথআউট বর্ডার্স’ নামক একটি শক্তিশালী প্রতিবেদন শেয়ার করে গাজায় চলমান সহিংসতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা জোলি গাজার পরিস্থিতি নিয়ে তার পোস্টে বলেন, ‘গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য একটি গণকবরের মতো হয়ে উঠেছে।’
জোলি আরও জানান, ইসরায়েলি বাহিনী যখন আকাশ, স্থল এবং সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান শুরু ও সম্প্রসারিত করছে, তখন ফিলিস্তিনিদের জীবনযাত্রা পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।
পোস্টে গাজার মানবিক সহায়তা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপরও বড় ধরনের হুমকি হিসেবে ইসরায়েলের হামলাকে উল্লেখ করা হয়েছে।
অথচ, জোলির এই পোস্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক ইসরায়েলি উগ্র ডানপন্থী সমালোচনা করেছেন। তবে, অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, এ ধরনের সমালোচনা তার পক্ষে কোনো প্রভাব ফেলবে না।
দীর্ঘ দুই দশক ধরে শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজ করা জোলি গাজার সহিংসতা নিয়ে বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
স্বদেশ প্রতিদিন/এমএম