প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:৫৩ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৮:৪১ PM

টাঙ্গাইলের ভুঞাপুরে তালিকাভুক্ত পাটচাষীদের জন্য প্রশিক্ষণ ও বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. পপি খাতুন।
এই আয়োজনটি বাস্তবায়ন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর। ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
চলতি মৌসুমে ভুঞাপুর উপজেলায় মোট ২ হাজার ৭০০ কৃষক এই সুবিধা পাবেন। এর মধ্যে তালিকাভুক্ত ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা পাটচাষে আরও দক্ষ হয়ে উঠবেন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুঞাপুরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান খান। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মো. মিজান উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী, ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম