প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:১৯ পিএম

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ রবিবার সকাল পৌনে নয়টার দিকে নগরীর ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসাবে কাজ করেন।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বলেন, আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ সময় ছিনতাইকারীরা তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন।
ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। পুলিশ রিকশা চালকের সন্ধান করছে বলেও জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ