প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:১২ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৪:১৯ PM

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। অনেকে তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগসহ নানা অনিয়মের কথা তুলে ধরেছেন।
এই পরিস্থিতিতে রবিবার (২০ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ওসি শহিদুর রহমান। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে, প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’
এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার মাত্রা আরও বেড়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর থানার এই ওসি কর্তৃক মানুষ নিষ্পেষিত হচ্ছিল। অবশেষে তাকে বদলি করা হয়েছে, এতে তারা সন্তুষ্ট। তবে বদলির পরও ওসি শহিদুর রহমান নিজেকে জাহির করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে তারা মনে করেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, 'তার বদলি হয়েছে বলে আমরা সন্তুষ্ট নই, অবিলম্বে তাকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি।'
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় স্থানীয় সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেন।
সাংবাদিকদের এমন অভিযোগের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব এবং অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।'
এরপর গেল শুক্রবার (১৮ এপ্রিল) ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। পরদিন শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে বদলি করা হয়।
স্বদেশ প্রতিদিন/এএএম