প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১০:১৮ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা ও সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।
সভায় জেলা ও উপজেলা কমিটিতে আহ্বায়ক হওয়ার জন্য সর্বনিম্ন বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করে নতুন সাংগঠনিক কাঠামোর প্রস্তাব পাস হয়। জেলা কমিটির সদস্য সংখ্যা ৩১ থেকে ৫১ জন এবং উপজেলা কমিটির সদস্য সংখ্যা ২১ থেকে ৪১ জন।
এই প্রস্তাব উত্থাপন করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
দলীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় সর্বসম্মতিক্রমে একটি শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী রবিবার।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত সমুহ হলো, গণপরিষদ নির্বাচনের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচারের দাবি, সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান, গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ, ভারতে ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের নিন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে কঠোর অবস্থান।
এ ছাড়া, চলতি সপ্তাহেই এনসিপির ঢাকা মহানগর শাখা বিচার ও সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি জনগণের দাবি ও অধিকার আদায়ের সংগ্রামে সব সময় সোচ্চার থাকবে এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম