প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ৬:১২ PM

নরসিংদীতে ১২ ঘন্টার ব্যবধানে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ। প্রথমে শুক্রবার (১৮ এপ্রিল) ওই নারীর মরদেহ এবং পরে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া (৪০) এবং মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবন। তাদের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ কয়েকবছর ধরেই রাজু মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে, কলহের জের ধরেই রাজু শুক্রবার (১৮ এপ্রিল) স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়।
পরে, রাত সাড়ে ৮টায় তালা ভেঙ্গে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই পলাতক ছিল স্বামী রাজু মিয়া। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বাবুরহাট বাজারে তার (রাজু) মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ বিষয়ে জানান, শুক্রবার (১৮ এপ্রিল) ওই নারীর নিজ বাসার ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি।
ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ি। তদন্ত শেষে এ বিষয়ে আরো বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি