প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৩২ পিএম

নাহিদ রানাকে নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে জিম্বাবুয়ে ক্যাপ্টেন খোঁচা মেরে বলেছিলেন ‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’
এবার সেই খোঁচার জবাব দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
উইলিয়ামসের সেই কথার জবাবে আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন-নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।’
বোলিংয়ের গতিতে ঝড় তোলা এই পেসার এরই মধ্যে দেশের ক্রিকেটপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। উইলিয়ামসের কথায় হালকা তাচ্ছিল্যের সুর থাকলেও, শান্ত জানিয়ে দিলেন-মাঠে সব জবাব মিলবে।
কথার লড়াইয়ে উত্তেজনা চরমে। এখন শুধু অপেক্ষা মাঠে দেখা হওয়ার। নাহিদ রানার গতি, শান্তর নেতৃত্ব আর উইলিয়ামসদের আত্মবিশ্বাস সবকিছুর মিলন ঘটবে সিলেটের সবুজ গালিচায়।
আগামীকাল সকাল ১০ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। দুই টেস্টের দ্বিতীয়টি চট্টগ্রামে খেলবে দুই দল।
স্বদেশ প্রতিদিন/এমএম