প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে আড়াই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। যানচলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকাল ১০ টার দিকে এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ কাজ শুরু করে। পরে সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়ক যানচলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানার গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোন উদ্যোগ গ্রহণ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পর পরই শ্রীপুর থানা পুলিশ, র্যাব, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ আন্দোলনে অংশ নেয়া শ্রমিকদের সাথে আলোচনা করে। কিন্তু শ্রমিকরা তাদের দাবি মেনে নেয়ার পর মহাসড়ক ছেড়ে যাওয়ার কথা জানায়। পরে সেনাবাহিনীর টহলটিম ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে বেলা ১২ টার দিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্বদেশ প্রতিদিনি/এমএম