
ভর্তি কার্যক্রমের সময় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি রোধে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাদিক মুনেম বলেন, ‘কথিত আছে ঢাবিতে সুযোগ পাওয়ার চাইতে ভর্তি হওয়া বেশি কঠিন। এজন্য জুনিয়র ১০৪ ব্যাচের ভর্তিকালীন হয়রানি রোধে মাননীয় উপাচার্যকে ৮ দফা প্রস্তাবনা সংবলিত স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।’
স্মারকলিপিতে থাকা শিক্ষার্থীদের দাবিসমূহ হলো:
১. ভাইভা ব্যতীত পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
২. ভর্তি সংক্রান্ত সকল আর্থিক লেনদেন যেন মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায়, সে ব্যবস্থা নিশ্চিত করা।
৩. ক্লাস শুরুর আগেই সকল শিক্ষার্থীর জন্য আবাসিক হলে সিট নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
৪. প্রতিটি ফাঁকা সিটের বিপরীতে দ্রুত মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা।
৫. ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সকল নির্দেশনা (যেমন: কোথায় যেতে হবে, কী করতে হবে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে টিউটোরিয়াল আকারে প্রকাশ করা।
৬. ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য ক্যাম্পাসে কার্যকরী অফিসিয়াল সহায়তা বুথ স্থাপন করা।
৭. ভর্তি প্রক্রিয়ার যেসকল কার্যক্রম অনলাইনে সম্ভব নয় (যেমন: ভাইভা, ভর্তি ফরমে হল প্রোভোস্ট এবং বিভাগীয় প্রধানের স্বাক্ষর গ্রহণ ইত্যাদি) সেসকল কার্যক্রমের সময় শিক্ষার্থীদের চাপ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের আলাদা আলাদা সময়ে সেবা প্রদান ব্যবস্থা চালু করা। প্রয়োজনীয় কাগজপত্রে দ্রুত স্বাক্ষর করার জন্য বিভাগীয় প্রধান এবং হল প্রাধ্যক্ষ মহোদয়দের নির্দেশনা প্রদান করা।
৮. বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি লাইভ হেল্প চ্যাট বা হেল্পলাইন চালু করা, যেখানে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারে।
প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা বলেন, ‘শিক্ষার্থীদের প্রস্তাবনাগুলো যৌক্তিক এবং বাস্তব সম্মত। সামনের সপ্তাহে অনলাইন ভর্তি কমিটির সাথে মিটিং আহ্বান করেছি। আমরাও চাই বিষয়গুলো দ্রুত সমাধান হোক।’
স্বদেশ প্রতিদিন/এমএম