প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:৪৪ পিএম আপডেট: ১৬.০৪.২০২৫ ৮:১১ PM

ভোলা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণসহ বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বরিশাল সোসাইটি।
আজ বুধবার( ১৬ এপ্রিল) সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি করে বরিশাল সোসাইটি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, ‘বরিশাল বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অঞ্চলের উন্নয়নের জন্য অবকাঠামোগত পরিবর্তন অপরিহার্য। ৬ লেন সড়ক তৈরি করা হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। এছাড়া তিনি কুয়াকাটায় একটি এয়ারপোর্ট করারও দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘বরিশাল বিভাগের পর্যটন, কৃষি ও ব্যবসা-বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক যোগাযোগব্যবস্থা অপরিহার্য। বিশেষ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত হলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় সুবিধা পাওয়া যাবে।
মানববন্ধনে বরিশাল বিভাগের বিভিন্ন পেশাজীবী, ছাত্র ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম