প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:২৪ AM

আমরা যখন চৈত্র সংক্রান্তি, বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ঠিক এমন সময়ে মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি-সহ ৬ নারী পাড়ি দিয়েছেন মহাকাশে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর মহাকাশযানে চড়ে মহাশূন্যে ঘুরেও এসেছেন তাঁরা।
এই অভিযান যেমন মহাকাশযাত্রায় নারীদের আরও এগিয়ে দিল, তেমনই ভ্রমণের ক্ষেত্রে এখন মহাকাশের কথাও ভাবতে পারেন অনেকে। তাঁদেরই জন্য নতুন রাস্তা দেখাচ্ছেন ব্লু অরিজিন। যেতে পারবেন আপনিও। তবে তার আগে জেনে নিন কীভাবে যাবেন, কত খরচ।
বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন আর কোন ব্যতিক্রম নয়। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেজোসের প্রচেষ্টায় ‘স্পেস ট্যুরিজম’ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। মাস্কের ‘স্পেসএক্স’-এর মতো বেজোসের ‘ব্লু অরিজিন’-ও কম জনপ্রিয় নয়।
মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস্ক কিংবা বেজোসের মূল লক্ষ্য এই ভ্রমণকে জনপ্রিয় করে তোলা। আর সে কারণেই বিভিন্ন ক্ষেত্রের সফল, সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশে ঘুরে এসেছেন ব্লু অরিজিনের তৈরি যান।
যাত্রী ছিলেন গায়িকা কেটি পেরিসহ ছয়জন। মাধ্যাকর্ষণের বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় ১১ মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে। নিরাপদে ফিরেও এসেছেন পৃথিবীর বুকে। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, ‘বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই।’
রয়টার্স জানিয়েছে, ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে এই সংক্ষিপ্ত স্পেস ট্যুরে যেতে চাইলে ১৮ বছর বয়স হলেই আপনি উপযুক্ত। কোথাও ঘুরতে গেলে যেমন আগে থেকে টিকিট বুক করতে হয়, এক্ষেত্রেও তাই করতে হবে।
একটি দীর্ঘ ফর্ম ফিলআপ করতে হবে এবং পুরো অর্থ অগ্রিম জমা দিতে হবে। যদি কোনও কারণে যাত্রা বাতিল হয়, তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
তবে খরচের অঙ্কটা বেশ বড়। সংস্থাটির তথ্যমতে, এই সংক্ষিপ্ত মহাকাশ সফরের জন্য ২ লাখ থেকে সাড়ে ৪ লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। আপাতত এই সফর শুধুই ধনকুবেরদের সাধ্যের মধ্যে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ