প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:২৩ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীজুড়ে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ দেখা গেলেও জাতীয় নাগরিক পার্টির উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনা তৈরি হলে সময় টিভির এক টকশোতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি খোলাশা করেন।
তিনি জানান, ‘আমাদের দল এখনো গঠনতান্ত্রিক দিক থেকে প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানের একমাত্র কেন্দ্রীয় কমিটিতে ২১৭ জন সদস্য কাজ করছেন, যারা দেশের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।’
এর ফলে নববর্ষের কর্মসূচিতে ঢাকায় দলীয় উপস্থিতি কম থাকাটা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
সামান্তা শারমিন আরও বলেন, ‘ঢাকাজুড়ে নানা অনুষ্ঠান থাকায় আমরা সব জায়গায় সরাসরি না থাকলেও সবসময় সজাগ ছিলাম। অতীতে বিভিন্ন উৎসবকে কেন্দ্র অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, যেন কঠিন পরিস্থিতি আসলে তা মোকাবিলা করতে পারি।’
তিনি জানান, দলটি বর্ষবরণের সার্বজনীন উদযাপনকে শান্তিপূর্ণ রাখতে ছড়িয়ে-ছিটিয়ে থেকে প্রয়োজনে সহায়তার প্রস্তুতি নিয়েছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়েই তাদের দল এমন অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম