প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ৬:০৪ PM

দেশের সর্বোচ্চ আদালতে আটকে আছে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা। ফ্যাসিস্ট হাসিনার পতনের ৮ মাস পার হলেও দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার ব্যাপারে এখনো কোনো শুনানি হয়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের কাছে এবিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত একটি ‘সার্টিফিকেট আপিল’ করেছে। যা সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ের আওতাভুক্ত হওয়ায় পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন।’
শিশির মনির আরও বলেন, ‘মামলার শুনানি শুরু হওয়ার পর অপরপক্ষের আইনজীবী দেশের বাইরে থাকায় তারা কিছুদিন সময় নেয়। পরবর্তীতে শুনানি এগিয়ে আসলে মামলায় নিযুক্ত বিচারপতি দুর্ঘটনায় পড়েন। একারণে তিনি প্রায় এক মাস আদালতে উপস্থিত থাকতে পারেন নি। এতে দ্বিতীয় ধাপে মামলার শুনানি বিলম্বিত হয়।’
জামায়াতের এই আইনজীবী বলেন, ‘আগামী ২০ তারিখ আদালত খুলবে। প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার এই মামলার শুনানি হয়। সেই হিসেবে ২২ ও ২৩ এপ্রিল এই মামলার শুনানি শুরু হলে দ্রুত তা শেষ হবে বলে আশা করছি।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম বলেন, ‘১৯৭৯ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এ পর্যন্ত জামায়াতের ৫৫ জন নেতা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৫ জন নারী।’
তিনি বলেন, ‘নিবন্ধন না পাওয়া আমাদের জন্য দুঃখজনক। আশা করি সংবিধানিক ও আইনানুগ পন্থায় আমরা ন্যায়বিচার পাবো।’
স্বদেশ প্রতিদিন/এমএম