প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পহেলা বৈশাখের শোভাযাত্রার মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে অগ্রগতি হয়েছে।
জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ খুব কাছাকাছি পৌঁছেছে পুলিশ, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, 'ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আশা করছি আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের শোভাযাত্রার জন্য নির্মিত দুটি মোটিফ, একটি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং অন্যটি ‘শান্তির পায়রা’, গত শনিবার ভোররাতে আগুনে পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের বরাতে জানা গেছে, ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুনের ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরেই পহেলা বৈশাখের শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে চারুকলা অনুষদে মোটিফ তৈরির কাজ চলছিল। এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই থিমের সাথে সঙ্গতি রেখেই মূল মোটিফ হিসেবে রাখা হয়েছিল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’।
স্বদেশ প্রতিদিন/আইজেপি