প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:১৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ৭:২৭ PM

কুষ্টিয়ার দৌলতপুরে ৪১ টি মহিষ লুট করার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন কুষ্টিয়া আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
রোববার (১৩ এপ্রিল) কুষ্টিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পারভেজ।
কারাগারে পাঠানো ১১ নেতাকর্মীরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পলাশ, জাকির, বকুল, অভিক, বক্কর, মোজাফফর, হানা, তককুল, তুহিন ও শাহিনুর। জানা যায় তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযুক্তরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচার বৈরাগীরচর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এর আগে মহিষের বাথান মালিক সাইদের স্ত্রী তমা খাতুন, ১৪ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। এতে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ভোরে উপজেলার মরিচার বৈরাগীরচর গ্রামের মণ্ডলপাড়া এলাকায় পদ্মার চরের সাইদ মণ্ডলের রাখালদের অস্ত্রের মুখে ফেলে ৪১ টি মহিষ লুট করে। মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষগুলো লুট করে। এ সময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকতকে (৩৫) বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে।
এমন খবর পেয়ে বুধবার সকালে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাখালদের উদ্ধার করে। তবে লুট হওয়া মহিষ উদ্ধার করতে পারেনি। মহিষগুলো লুট করার পরপরই ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার করে দেন আসামিরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘৪১ টি মহিষ লুট মামলায় ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে। জামিন চাইলে ১১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত। তবে এক আসামিকে জামিন দেন আদালত।
স্বদেশ প্রতিদিন/এমএম