প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৪ পিএম

মাগুরায় আলোচিত এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। প্রতিবেদনে মামলায় চার আসামিকেই অভিযুক্ত করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।
ধর্ষণ ও হত্যার ঘটনায় হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে বলে জানায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এছাড়া ভয়ভীতি প্রদর্শন এবং তথ্য গোপনের অভিযোগে অভিভুক্ত করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে।
উল্লেখ্য, মাগুরা সদর উপজেলায় ঘটনাটি ঘটেছে। শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছরের এই শিশুটির। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের নামে মামলাটি করেন। পরে তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ।
মামলায় শিশুটির বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭) আসামি করা হয়। বর্তমানে তারা চারজনই কারাগারে আছেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি