প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৮:২০ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে একটি শিশুকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন!’ ছবির উপরে আরও একটি লেখা, ‘আর কত? হায়রে ইউনুস!’
ভাইরাল ওই পোস্টটি দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই মনে করেছেন, শিশুটি কোনো অপরাধে জড়িত ছিল কিংবা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে।
তবে প্রকৃতপক্ষে এটি বাস্তব কোনো ঘটনা নয়, বরং একটি নাটকীয় উপস্থাপনা। ছবিটি প্রথমে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, শিশুটি শুধুমাত্র ‘আসামির চরিত্রে অভিনয় করেছে’, যা সম্পূর্ণরূপে একটি অভিনয়ের অংশ।

পারভেজের মূল পোস্টটি হালকা মনোভাব নিয়ে করা হলেও পরবর্তীতে সেটি ব্যাখ্যা ছাড়া বিভিন্ন পেজে এবং ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করা হয়, যা বিভ্রান্তি তৈরি করে। কিছু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক পেজ সেটিকে প্রকৃত ঘটনা হিসেবে উপস্থাপন করে সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করে।
‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’ নামক একটি ফ্যাক্টচেক প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ নয় বরং এটি শিশুর অভিনয়ের একটি মুহূর্ত যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। একটি নিরীহ ছবি ভুলভাবে উপস্থাপন হলে তা সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এএএম