
নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরকে স্বাধীন করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন।
তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি আরাকান’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হ ‘, ‘গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও’, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগানে প্রতিধ্বনি দেন।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে অংশ নেন যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফায়েল আহমেদ ও ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব প্রমুখ।
বিক্ষোভে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরাইলি সরকার ও সেনা সদস্যদের এর বিচার করতে হবে।
তিনি তার বক্তব্যে আরো জানান, ফিলিস্তিনের মজলুমদের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলের দুই মজলুম মুসলিম জাতি ভারতের দখলকৃত কাশ্মীরের মুসলমান ও মিয়ানমারের দখলকৃত আরাকানের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবেশী মুসলিম ভাইদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে বলে প্রত্যাশা করেন তিনি।
জাতীয় বিপ্লবী পরিষদের এ সিনিয়র যুগ্ম আহবায়ক বিশ্ববাসীকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইল সমর্থক সব ব্র্যান্ডের পণ্য বর্জন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন নিরবতা পালন করেছে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের দল গত ৭ ফেব্রুয়ারি এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ আয়োজন করে। যেখানে ঘোষণা করা হয় ‘বাংলাদেশ ফিলিস্তিনকে ভুলে যাবে না বরং প্রতি শুক্রবার ফিলিস্তিনের জন্য ছাত্রজনতা বিক্ষোভ করবে’। আলহামদুলিল্লাহ এখন বিএনপি-জামায়াতসহ গোটা দেশ ফিলিস্তিনের জন্য সরব হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের পাসপোর্টে "এক্সেপ্ট ইসরাইল" পুনর্মুদ্রণের দাবিতে একটি দল ১৫ ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী আন্দোলন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখালেও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় দাবি পূরণ হয় নি। এ অবস্থায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে কঠোর আন্দোলনের উদ্যোগ নেব।
জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা বলেন, আমরা এক দুই দিন মিছিল করে থেমে যাব না। আগামী দিনে সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি