প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:৫৩ AM

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ পেরোনো এই তারকা ক্যারিয়ারের সায়াহ্নে এসেও ফুটবলের প্রতি তার অদম্য ক্ষুধা ধরে রেখেছেন। তবে এবার শুধু ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না তিনি। নতুন এক জগতে পা রাখলেন পর্তুগিজ এই মহাতারকা। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের দুনিয়ায় নাম লিখিয়ে ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছেন তিনি।
হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)। এর মাধ্যমে এবার চলচ্চিত্র জগতে পদার্পণ করতে যাচ্ছেন এই কিংবদন্তি ।
ইতিমধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস এবং হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন রোনালদো।
এবার তার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান গড়ে তোলা। ইউআরমার্ভ স্টুডিওটি রোনালদোর বিশ্বজোড়া জনপ্রিয়তাকে ভনের পরিচালনা এবং অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে খেলাধুলা এবং সিনেমার দুই জগতকে একত্রিত করবে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো।
গত বছরই রোনাল্ডো তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ এবং অনুসারীর রেকর্ড ভেঙে ফেলেন। এবার তিনি বড় পর্দায়ও রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন।
এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়, ব্যবসায়িক নতুন উদ্যোগের দিকে তাকিয়ে থাকা এই অধ্যায়টি আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর।’
একই বিবৃতিতে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা আমি কখনোই লিখতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে মুখিয়ে আছি— সে সত্যিকারের একজন সুপারহিরো।
স্বদেশ প্রতিদিন/কেএইচ