প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:৫৫ AM আপডেট: ১১.০৪.২০২৫ ৯:০৫ এএম

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে কক্সবাজারের রামু থেকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘ দিন রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/কেএইচ