প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:১২ পিএম

ঢাকা থেকে চুরি হওয়া ২ মাস বয়সী এক কন্যাশিশুকে রাজবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এক নারীকে রাজবাড়ীর পাংশা থানা পুলিশ আটক করেছে। স্থানীয়রা ওই নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধীনস্থ শিশু কল্যাণ বোর্ডে সুরক্ষিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আবু দারদা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের কাছে হস্তান্তর করেন।
আটক নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
এ বিষয়ে ইউএনও এসএম আবু দারদা জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ম ও শর্তাবলী অনুসরণ করে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া গেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজে বের করার জন্য পাংশা মডেল থানার পুলিশ ইতোমধ্যে অভিযান চালাচ্ছে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটিকে নিয়ে তার কাছে দেন। এরপর শিশুটিকে নিয়ে ওই নারী তার নিজ এলাকা পাংশায় চলে আসেন। ধারণা করা হচ্ছে, শিশুটিকে চুরি করে আনা হয়েছে। আটক ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর