প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:০৫ পিএম

গাজায় চলমান গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির নেতা কর্মীরা।
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘ইসরাইলি ইহুদিগোষ্ঠী নেতানিয়াহু গাজা ও রাফায় শিশুদের টার্গেট করে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতি বছর রমজান এলেই সেখানে আগ্রাসন বাড়ে, হত্যা চলে। মা-বোন, সাংবাদিক, চিকিৎসক—কারোরই রেহাই নেই। গোটা বিশ্বের বিবেক আজ এই বর্বরতার বিরুদ্ধে জেগে উঠেছে। অথচ নেতানিয়াহু নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করছে।’
আরব বিশ্বের নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই শেখরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে—ভোগ-বিলাস, অর্থ আর সোনা-দানায় ডুবে আছে। যদি সত্যিকার অর্থে মুসলমান হন, তবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। হাশরের ময়দানে ওই শিশুদের আর্তনাদ আপনাদের রেহাই দেবে না। ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত, কোনো শক্তিই তা রুখতে পারবে না।’
তিনি জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের দাবি জানান।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কর্মসূচির শেষ পর্যায়ে প্রশাসন ভবনের সামনে ফিলিস্তিনের নিরীহ মানুষদের জন্য দোয়া ও মোনাজাত করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বর্তমান আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম