প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:২৫ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গজারিয়ার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত প্রদক্ষিণ করে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারী জনতা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন- ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজ মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ।’
বক্তারা আরও বলেন, ‘এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই। আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।’
স্বদেশ প্রতিদিন/এমএম