প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২৮ AM

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই দুই শ্রমিক হলেন- সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২২) ও জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের খায়রুল ইসলাম (২১)। ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে খেলনা তৈরির একটি কারখানায় তারা রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।
তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানায়, রাতের শিফটে কাজ শুরু হলে একটি মেশিনের বিস্ফোরণ ঘটে। এসময় দুই শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে তারা জানান। ঘটনার সময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।
উত্তরা ইপিজেডের জিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ