প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৫৪ AM

মিয়ানমারে গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের পর সেখানে বিপর্যস্ত মানুষকে সাহায্যে করতে বাংলাদেশের চিকিৎসক দল এগিয়ে এসেছে।দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন পর্যন্ত মোট ২২৭ জন আহত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। শুধু গত শুক্রবারই চিকিৎসা দেওয়া হয়েছে ১৫০ জনকে।
গত শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম
এখন পর্যন্ত চলমান রয়েছে।
গত শুক্রবার ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে ১৫০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া, বাংলাদেশের সার্জিক্যাল বিশেষজ্ঞরা দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশ নেন, এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। মিয়ানমারে ধ্বংসস্তূপের মধ্যে পড়া ভবন পরিদর্শন এবং ক্লিয়ারিং অপারেশনও চলছে। শনিবার সরকারি অফিসের বিল্ডিংগুলোতে ক্লিয়ারিং অপারেশন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশের চিকিৎসক দল মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় রেখে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে, বাংলাদেশ মিয়ানমারের ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।
স্বদেশ প্রতিদিন/এমএম