প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:০২ পিএম

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘উনারা নির্বাচন দিব, আইজকা গিয়া কালকে গিয়া পরশু শুক্রবার। মনে করতেছে ইলেকশন না দেওয়া লাগে, না না ইলেকশন লাগবো, ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন লাগবো, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশন দিয়া যাইতে হইবো।’
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘বাপ ডাইকা (নির্বাচন) দেওন লাগবো, বাপ ডাইকা। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে। পাঁচশ গুলিও আমার বুকে লাগতে না পারে, আল্লাহ যদি চায়। আমি সত্য কথা বলবোই।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের জন্য এদেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিল। দুই লাখ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। সমস্ত মানুষ ওই ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লাখে লাখে গিয়েছিল। এতো মানুষ মারা গিয়েছিল তার কোনও সীমা ছিল না। সে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কী আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেবো? কথাটা আপনারা বুঝেন না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়।’
এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ (জুয়েল) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মৃগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এনআর