প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম আপডেট: ০১.০৪.২০২৫ ৮:২৫ PM

রাজবাড়ীর বরাট ইউনিয়নে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। জানা যায় ওই নারী হাউলি গ্রামরে সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী সালমা। তিনি দুই সন্তানের জননী।
মঙ্গলবার (১ এপ্রলি) সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নারীর শাশুড়ি লতা বেগম জানান, ঈদের দিন রাতের খাবার খেয়ে দুই সন্তান সাদিক ও সিনহাকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালমা। সকাল ৬ টার দিকে ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখে তিনি চমকে উঠেন। এরপর দরজা খুলে ঘরে ঢুকে দেখতে পান খাটের ওপর সালমার মরদেহ পড়ে আছে। এ সময় ওই ঘরে থাকা তার ৮ বছরের নাতি সাদিক তাকে জানান ৩ জন লোক তার মাকে মেরে ফেলছে।
তিনি বলেন, ‘ঈদের আগে তার ছেলে এক লক্ষ টাকার উপরে পাঠিয়েছে। হত্যাকারীরা সালমাকে হত্যার পর সেই টাকাও নিয়ে গেছে।’
সালমা বেগমের বাবা সালাম শেখ অভিযোগ করে বলেন,‘ওই পরিবারের সদস্যরাই আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই, তাদের ফাঁসি চাই।’
এ ঘটনায় বরাট ইউনিয়নের গ্রাম পুলিশ শাজাহান জানান, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি মরদেহ ঘর থেকে নিচে রাখতেছে শ্বশুড়বাড়ির লোকজন। এরপর আমি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।’
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি পরিকল্পিত হত্যা কিনা। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম