প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:৪৮ পিএম

টাঙ্গাইল জেলা সদর রোডে বিভিন্ন অভিজাত বিপনিগুলোতে প্রায় ক্রেতা শূন্য। অথচ ফুটপাতের দোকানগুলোতে রবিবার (৩০ মার্চ) চাঁদ রাতেও দম ফেলার ফুসরত নেই। ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রিয়জনের মুখে ঈদের খুশি ভাগাভাগি করতে চলছে শেষ মুহূর্তের চেষ্টা। সাধ্যমত চেষ্টা করছেন প্রিয়জনের মুখে হাসি ফোটাতে।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল জেলা সদর রোডে বিভিন্ন ব্রান্ডের অভিজাত দোকানগুলোতে ক্রেতা না থাকলেও ফুটপাতের দোকানগুলোতে শেষ মুহূর্তেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। শহীদ জগলু রোডে বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে থ্রি পিস ও জুতার দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা। ছোট বড় সকলের জন্য জামা, থ্রি পিস ক্রয় করছেন। ব্রান্ডের জুতার দোকানেও শেষ মুহূর্তে ভিড় নেই। বেশি বিক্রি হচ্ছে দেশী তৈরি ও চায়না জুতো। ভিড় জমেছে টুপি পাঞ্জাবির দোকানেও। বাহারি রঙের দেশি-বিদেশী পাঞ্জাবি বিক্রি হচ্ছে।
তবে এই ঈদে শাড়ির চেয়ে বেশি বিক্রি হচ্ছে থ্রি পিছ।
বিভিন্ন থ্রি পিছ ব্যবসায়ীরা জানান, দেশে তৈরি থ্রি পিছের চেয়ে ভারতীয় ও পাকিস্তানী থ্রি পিছের ব্যাপক চাহিদা বেড়েছে।
ঈদের পোশাক কিনতে আসা শিক্ষার্থী নওরোজ নূহা জানান, আমার বাজেট অনির্ধারিত। এই ঈদে আমার পছন্দের একটি ও মায়ের পছন্দের একটি মোট দুটি থ্রি পিস কিনেছি। বাবা থ্রি পিসের সাথে ম্যাচিং করে দু জোড়া জুতো কিনে দিয়েছেন। আমি খুব খুশি।
ফুটপাতের দোকানে জুতো কিনতে আসা রৌশনারা বেগম জানান, সব কিছুর দাম অনেক বেশি। পরিবারের সবার চাহিদা মিটিয়ে নিজের জন্য নামি-দামি ব্রান্ডের দোকান থেকে জুতো কিনতে পারলাম না। তাই আপাতত ফুটপাতের দোকান থেকে জুতো কিনলাম। তবে এ জুতোগুলোও ভালো। ব্যবহার উপযোগী।
স্বদেশ প্রতিদিন/এনআর