প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৯:৩৯ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।’
আজ রবিবার এক শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ-আনন্দের সঙ্গে এবারে এক ধরনের স্বস্তি যোগ হয়েছে।’
উপদেষ্টা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। তিনি মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর