প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪:২১ পিএম

কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোলচত্বরে বারখাদা ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তাঁর ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেলযোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশে স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশমুখে একইদিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে৷ তবে ট্রাকটি জব্দ করা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এনআর