প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:০০ AM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ৪ পশু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কে এই ঘটনা ঘটে। পশু ব্যাবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।
জানা যায় , মির্জাপুরের কাইতলা নামে গরুমহিষের হাঁটে শনিবার এই ৪ ব্যবসায়ীরা ২৮টি গরু ও মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে নয়াপাড়া এলাকায় পৌঁছালে ৮-১০টি মোটরসাইকেল ও একটি হাইচ ব্যবসায়ীদের প্রাইভেটকারের গতিরোধ করে এবং এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়তে থাকে।
একপর্যায়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে প্রায় ৮০ লাখ টাকা ছিনতাই করে খাঁটিয়ার হাট সড়ক দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দলের লোকেরা।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) রেজওয়ান মাহবুব স্যারসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর