প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:২১ AM

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর একটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হলো নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা। এই ঘটনার জের ধরে শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। মূলত অতীতে লন্ডন বিমানবন্দর নামে পরিচিত এই স্থপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর।
বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে।
হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”
বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের “কোনও অবস্থাতেই” এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয় বলেও তারা বলেছেন।
এদিকে পশ্চিম লন্ডনের হেইসের ওই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ