প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১:৪৪ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ১:৪৭ PM

রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথিত বড় ভাই সুরুজ্জামানের ছেলে আরিফ হোসনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি সোনাভরী নদীর তীরে নৌকার উপর ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। রবিবার সকাল ১০টার দিকে রৌমারী থানা পুলিশ উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তিনি আরো বলেন, একই গ্রামর কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। আমার ধারনা তারাই হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় খুনিরা। তার গলায় মাফলার পেচানা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আনোয়ার হোসন বাদি হয়ে আজাদ ও তার ছেলে ইমনসহ ৬/৭ জনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এই হত্যার ঘটনার প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কল) মোমিনুল ইসলাম বলেন, কি কারণে খুন হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না। এ বিষয়ে আরও তদন্ত ও খোঁজখবর নিয়ে আসল ঘটনা উদঘাটন করে আপনাদের জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর