
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন ও ব্যবহারের দায়ে সাবেক এমপি মোহাম্মদ আলী এবং তার দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিদ্যুৎ বিভাগ। মামলায় তারা ২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা দেওয়ার শাস্তি পেয়েছেন।
২৬ ফেব্রুয়ারী বিকেলে নোয়াখালী বিদ্যুৎ আদালত (যুগ্ম জেলা জজ) ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়, যার মধ্যে সাবেক এমপি মোহাম্মদ আলী, তার বড় ছেলে আশিক আলী অমি এবং ছোট ছেলে মাহতাব আলী অদ্রি সহ মোট ১৮ জনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হয়।
বিদ্যুৎ আইনের সি আর-৯৮/২৫, সি আর-৯৯/২৫, সি আর-১০০/২৫ ধারায় মামলা দায়ের করা হয়, যার মধ্যে সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে এক কোটি বাইশ লাখ চুয়াত্তর হাজার ৭৭৯ টাকা, বড় ছেলে আশিক আলী অমির বিরুদ্ধে এক কোটি তের লাখ ত্রিশ হাজার ৫৬৫ টাকা এবং ছোট ছেলে মাহতাব আলী অদ্রির বিরুদ্ধে ছেচল্লিশ লাখ ৩০৪২ টাকা জরিমানা করা হয়। ফলে, মামলায় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় দুই কোটি বিরাশি লাখ আট হাজার ৩৮৬ টাকা।
এ সময় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন, এর মধ্যে ছিলেন মো. শেখ ফিরোজ কবির, তত্বাবধায়ক প্রকৌশলী, পওস সার্কেল, বিউবো, নোয়াখালী, এবং প্রকৌশলী মো. মসিউর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, হাতিয়া।
প্রকৌশলী মো. মসিউর রহমান জানান, "বিগত ৮/১০ বছর যাবৎ সাবেক এমপি মোহাম্মদ আলী তার দলীয় প্রভাব খাটিয়ে হাতিয়ায় বৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করে রড ঝালাই, লোহার গ্রীল তৈরি সহ যাবতীয় বৈদ্যুতিক কাজ সম্পন্ন করে আসছেন।"
তিনি আরও বলেন, "এতদিন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি কারণ আমরা সবাই তার জিম্মি ছিলাম এবং কয়েকবার পদক্ষেপ নিলেও তা সফল হয়নি।"
এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর