প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৯ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের জন্য বোঝা নয়, বরং তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। যদি তাদেরকে সঠিকভাবে ভালবাসা ও সহযোগিতা দেওয়া হয়, তবে তারা দেশের সম্পদে পরিণত হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার বিংরাব এলাকায় প্রতিবন্ধী শিশুদের পাঠশালা 'অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার'-এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, "দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে কিছু কুচক্রী মহল পায়তারা করছে। তবে দেশের মানুষের নানা ধরনের দাবী বা চাহিদা থাকবে, এগুলো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা হবে। কিন্তু দাবী আদায়ের নামে জ্বালাও-পুড়াও, সড়কে অবরোধ বা আন্দোলন করা যাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে, চুরি, ছিনতাই বা ডাকাতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুর্বাচল রাজস্ব সার্কেল (ভুমি) কর্মকর্তা উবায়ূর রহমান শাহেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আকতার হোসেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সোহাইল, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণের পর প্রতিবন্ধী শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর