প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উপ্রু মার্মা (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবান জেলা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে জুমখোলা এলাকায় উপ্রু মার্মাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার অং থোয়াই মার্মার মেয়ে এবং বুবু মার্মার স্ত্রী। পরে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।